দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) স্থাপন, জেলার শূন্য পদে স্বাস্থ্য সহকারী নিয়োগ এবং বিভিন্ন হাসপাতালে টেকনোলজিস্ট নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখা।
এ দাবিতে সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক আব্দুল কাদের ও সদস্য সচিব গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন।
প্রতিনিধি দলের সদস্যরা বলেন, লক্ষ্মীপুরে একটি সরকারি আইএইচটি প্রতিষ্ঠা করা হলে জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জেলার শিক্ষার্থীরা নিজ জেলায় স্বাস্থ্য প্রযুক্তিবিষয়ক উচ্চশিক্ষার সুযোগ পাবে। এতে একদিকে যেমন দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি হবে, অন্যদিকে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
তারা আরও বলেন, জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারীর বেশ কিছু পদ শূন্য রয়েছে। এসব পদে দ্রুত নিয়োগ দেওয়া হলে মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সংখ্যক টেকনোলজিস্ট নিয়োগের মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর দাবি জানান তারা।
এ সময় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রতিনিধি দলের বক্তব্য ও দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন। তিনি দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পাশাপাশি তা পূরণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
স্বাস্থ্য সহকারী নেতারা বলেন, লক্ষ্মীপুরে সরকারি আইএইচটি প্রতিষ্ঠা হলে স্বাস্থ্য খাতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি জেলার মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
কেএম